প্রতীক ওমর,বগুড়া : বগুড়ার শেরপুরে সরকারি বিক্রয় নিষিদ্ধ প্রায় ৭মণ বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে ভাঙড়ী ব্যবসায়ী শাহজামালকে গ্রেফতার করা হয়েছে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সরকারি বিক্রয় নিষিদ্ধ পাঠ্যপুস্তক বহনকারী একটি গাড়ী সম্প্রতি শাজাহানপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় গাড়ীতে থাকা পাঠ্যপুস্তকগুলো খোয়া যায়। পরে সেই বইগুলো ওই এলাকার লোকজন ভাঙড়ী ব্যবসায়ী শাহজামালের কাছে বিক্রি করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১০টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহানের নেতৃত্বে পুলিশ উপজেলার উপজেলার গাড়ীদহ বাজার এলাকায় অবস্থিত ওই ভাঙড়ী ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে সরকারি বিক্রয় নিষিদ্ধ উক্ত পরিমান পাঠপুস্তুক উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে।



















