মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : কৃষিসমৃদ্ধ অঞ্চল শেরপুরে এবার ড্রাগন ফল চাষের উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে ওই ফলের পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নে। এক্ষেত্রে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় শৌখিন চাষীরা।
ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম Hylocereus undatus। কৃষি বিভাগের তথ্যমতে, ড্রাগন ফলকে পিটাইয়া, টিহায়া নামেও ডাকা হয়। এ ফল গাছ শুধুমাত্র রাতে ফুল দেয়। ফুলের রং সাদা ও হলুদ অনেকটা ‘নাইট কুইন’ ফুলের মত । আর তাইতো ড্রাগন ফুলকে ‘রাতের রাণী’ নামে অভিহিত করা হয়ে থাকে। প্রায় সব ধরনের মাটিতেই ড্রাগন ফল চাষ করা যায়, তবে উচু ও বেলে-দো-আঁশ মাটিই উত্তম। আলোপ্রিয় এ ফলের জন্য ৬শ-১৩শ মিমি বৃষ্টিপাত এবং ৩৮-৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। ৩দ্ধ৩ মিটার দূরত্বে করা প্রতি গর্তে ৪০ কেজি পচা গোবর, ১শ গ্রাম করে টিএসপি এবং এমপি সার, ৫০ গ্রাম ইউরিয়া এবং ১০ গ্রাম করে জিপসাম, বোরাক্স ও জিংক সালফেট দিয়ে মাটির সাথে ভাল ভাবে মিশিয়ে গর্ত ভরাট করে ২০-৩০দিন পর চারা রোপন করতে হয়। এরপর বছরে প্রতি গাছের জন্য পচা গোবরের মাত্রা ঠিক রেখে উল্লেখিত সার বৃদ্ধি হারে প্রয়োগ করলে ভাল ফলন পাওয়া যায়। এক থেকে দেড় ফুট বয়স্ক ও শক্ত শাখা কেটে কাটা অংশ দো-আঁশ মাটিতে পুঁতে রেখে সহজেই কাটিং চারা উৎপাদন করা সম্ভব। ড্রাগন ফলের চারা লাগানোর উপযুক্ত সময় জুন -জুলাই মাস। এপ্রিল থেকে মে মাসে ফুল আসে। তবে নভেম্বর পর্যন্ত ফুল আসা ও ফল ধরা অব্যহত থাকে। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এ ফল সংগ্রহ করা যায়। এক থেকে দেড় বছর বয়সের প্রতি গাছ থেকে ৫-১৫টি ফল পাওয়া যায়। তবে পূর্ণ বয়স্ক হলে ৩০-৯০টি পর্যন্ত ফল পাওয়া যেতে পারে। পাকা প্রতিটি ফলের ওজন ৪শ থেকে ৫শ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ড্রাগন ফল পাকা অবস্থায় ৫-৭দিন গাছে রাখা গেলেও গাছ থেকে সংগ্রহের পর প্রায় ১মাস পর্যন্ত রাখা যায়।
পুষ্টি বিজ্ঞানের তথ্যমতে, ড্রাগন ফলে ভিটামিন বি-১, বি-২, বি-৩, ভিটামিন সি, ফাইবার ও মিনারেল রয়েছে। প্রতি ১শ গ্রাম পাকা ড্রাগন ফলে ফাইবার ০.৯ গ্রাম, ফ্যাট ০.৬১ গ্রাম, অ্যাশ ০.৬৮ গ্রাম, ক্যারোটিন ০.০১২ গ্রাম, পানি ৮৩ গ্রাম, ফসফরাস ৩৬.১মিলিগ্রাম, এ্যাসকরবিক এসিড ৯মিলিগ্রাম, প্রোর্টিন ০.২২৯ গ্রাম, রিবোফ্লাবিন ০.০৪৫ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৮.৮ গ্রাম, নায়াসিন ০.৪৩ মিলিগ্রাম ও আয়রন ০.৬৫মিলিগ্রাম বিদ্যামান রয়েছে। ড্রাগন ফল ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে, ক্যান্সার প্রতিরোধে, গ্যাস্টিক সমস্যা সমাধানে, কোষ্টকাঠিন্যতা কমাতে, লিভার প্রদাহ রোধে, হাড় ও দাঁত গঠনে, নতুন কোষ ও কলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আঁশ বেশী থাকায় হজম শক্তি বৃদ্ধি করে। এই ফল নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে দেহের ওজন কমানোসহ শরীর গঠনে সহায়তা করে থাকে।
এ ফলের উৎপত্তিস্থল সেন্ট্রাল আমেরিকায়। সেখানে এ ফলটি উৎপাদন করা হয় ত্রয়োদশ শতাব্দীতে, মালয়েশিয়াতে উৎপাদন করা বিংশ শতাব্দীতে । ভিয়েতনামে এ ফল সর্বাধিক বাণিজ্যিকভাবে চাষ করা হলেও ড্রাগন ফলের দেশ হিসাবে খ্যাতি অর্জন করেছে থাইল্যান্ড। বর্তমানে এই ফলটি বিভিন্ন দেশে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। বাংলাদেশে এ পর্যন্ত অনেকগুলি বিদেশী ফলের প্রবর্তন করা হলেও অনুকুল আবহাওয়া ও উৎপাদন উপযোগি মাটি থাকায় আশানুরূপ ফলন পাওয়ার আশায় কৃষি প্রধান বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ২০০৭ সালে প্রথম ড্রাগন ফল উৎপাদন করা হয়। বর্তমানে এ ফলটিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য বংশবিস্তার করা হচ্ছে। এ ফল বিস্তারের ধারাবাহিকতায় সাড়ে ৩ বছর আগে কৃষি মন্ত্রণালয়ের তিনবারের সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর তত্ত্বাবধানে হর্টিকালচার সেন্টার জামালপুরের মাধ্যমে বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বতের সার্বিক সহযোগিতায় বানেশ্বর্দী ইউনিয়নে শতাধিক কৃষকদের মধ্যে এবং চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী’র সহযোগিতায় চন্দ্রকোনা ইউনিয়নে আরও ১শতাধিক ড্রাগন ফলের কাটিং করা গাছ বিনামূল্যে সরবরাহ করা হয়। মাত্র ৩বছর পরির্চযার পর ড্রাগন গাছে ফুল-ফল আসাতে মহাখুশি বানেশ্বর্দী ইউনিয়নের আলহাজ্ব কিতাব আলী, চুনু মিয়া, মোছা মিয়া, সাজু মিয়াসহ আরও ৫/৬ জন কৃষক। তাদের ড্রাগন ফল গাছে ফুল আসে চলতি বছরের এপ্রিল-মে মাসে । এ বছর ফুল-ফল না হলেও আগামীতে ফুল-ফল হবে এ আশায় দোয়াপ্রার্থী বানেশ্বর্দী ইউনিয়নের খন্দকার শহিদুল ইসলাম, শামীম আহমেদ, বকুল মিয়া, মনিরুজ্জামান, ফজলুর রহমান এবং চন্দ্রকোনা ইউনিয়নের ওবায়দুল হক, আমিনুল, রফিকুল ইসলাম, শফিকসহ আরও শতাধিক ড্রাগন ফল চাষী। ইতোমধ্যে চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের মোঃ সাজু সাঈদ সিদ্দিকী, মোঃ মোকছেদুল আলম মাস্টার ও মোঃ রফিকুল ইসলামের ড্রাগন ফলের বাগান শৌখিন কৃষকদের নজর কেড়েছেন। ড্রাগন ফলের বাগান, ফুল ও ফল আসা দেখে উরফা, টালকী, গণপদ্দী ও গৌড়দ্বার ইউনিয়নের কৃষকরা ড্রাগন চাষে আগ্রহ প্রকাশ করা করছেন।
কৃষি তথ্য মতে, কৃষি মন্ত্রণালয় এ ফল চাষের উপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে বাউ ড্রাগন ফল -১ (সাদা) এবং বাউ ড্রাগন ফল-২ (লাল) চাষ করা হচ্ছে। সাভারের জিরানিতে, ফটিকছড়ির হালদা ভ্যালী চা বাগানে, শেরপুরের নকলাতে চাষ হচ্ছে ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টারের পক্ষ থেকে রাজবাড়ী, নাটোর, রাঙ্গামাটিসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ড্রাগন চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের বেশকটি অভিজাত হোটেল গুলোতে প্রতি কেজি ড্রাগন ফল ২৫০-৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। স্থানীয় কৃষিবিদসহ মৃত্তিকা বিজ্ঞানীদের মতে, ড্রাগন ফল চাষ উপযোগি শেরপুরসহ দেশের অন্যান্য জেলায় ড্রাগন ফল চাষ করা হলে এক দিনে আমেরিকা, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডের মত বাংলাদেশও ড্রাগন ফল উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে বলে আশা করছেন।



















