স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসা দম্পতিকে জিম্মি করে যৌন নিপীড়ন ও পর্ণোগ্রাফি তৈরির অপরাধে দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়াও একই মামলার প্রধান আসামী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ জানান, প্রধান আসামী শফিকুলকে গ্রেফতারের পর আদালতে ১০ রিমান্ড আবেদন করলে গত ১ সেপ্টেম্বর সোমবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক অমূল্য কুমার সরকার। প্রথমদিনের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বেলা দুইটার দিকে মামলার এজাহারভুক্ত নন এমন একজনকে গ্রেফতার করা হয়েছে। মস্তুফা নামের (৩০) ওই যুবককে ইকোপার্কের প্রধান ফটক থেকে গ্রেফতার করা হয়। সে ইকোপার্কের প্রধান ফটকের ইজারাদার। আজ বুধবার শফিকুলের রিমান্ড শেষ হয়েছে।
এদিকে মামলার এজারভুক্ত ৩ ও ৪ নম্বর আসামী আমির হোসেন ওরফে মনু মিয়া এবং নাজমুল হাসান লিটনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই উপজেলার ফকিরপাড়া গ্রামের এক নববিবাহিতা তরুণী তার স্বামীকে নিয়ে ইকোপার্কে বেড়াতে আসে। এসময় পার্কের ভেতরে স্বামী-স্ত্রী বসে আলাপকালে স্থানীয় ৩ বখাটে তাদের জিম্মি করে টাকা-পয়সা ছিনিয়ে নেয় ও উভয়কে বিবস্ত্র করে পর্ণোগ্রাফি তৈরি করে বাজারে ছড়িয়ে দেয়। পরবর্তীতে নালিতাবাড়ী শহরের আরেক বখাটে এ পর্ণোগ্রাফি দিয়ে দম্পতিকে ব্ল্যাকমেইলিং করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।



















