এম,লুত্ফর রহমান, নরসিংদী : অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধর্ষিতা কলেজ ছাত্রী আছমা আক্তার(২২) কে বিয়ে করতে বাধ্য হলেন ধর্ষক মোঃ আলমগীর মুন্সি। ১ সেপ্টেম্বর সোমবার নরসিংদীর নোটারী পাবলিকের কার্যালয়ে হলফ নামার মাধ্যমে এ বিবাহ কার্য সম্পন্ন করা হয়। এ সময় বর মোঃ আলমগীর মুন্সি, কনে আছমা আক্তার, তাদের নিযুক্ত আইনজীবি মোঃ শফিকুল ইসলাম কামাল, নোটারী পাবলিক নরসিংদীর আইনজীবি এ.কে.এম রিয়াজুল করিমসহ বর ও কনে পক্ষের লোকজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নরসিংদী সদর উপজেলার কোতালিরচর গ্রামের মৃত হাছেন আলীর মেয়ে এবং নরসিংদী সরকারী কলেজের বাংলা
বি.এ অনার্সের ছাত্রী আছমা আক্তারকে কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের তমুজ উদ্দিনের ছেলে মোঃ আলমগীর মুন্সি(৪২)। এভাবে উত্যক্ত ও ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়েও যখন তাকে বাগে আনতে পারেনি, তখন সে ভিন্ন কৌশল অবলম্বন করে। আছমাকে সে লোভ ও বিয়ের প্রলোভন দেখিয়ে নরসিংদী শহরের বন বিভাগের পাশে তার এক বন্ধুর বাড়ীতে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে.জোড় পূর্বক ধর্ষণ করে। এভাবে আলমগীর আছমাকে উল্লেখিত বাড়ীতে নিয়ে প্রায়ই ধর্ষণ করত। অত:পর প্রায় ছয় মাস অতিবাহিত হবার পর আছমা আলমগীরকে বিয়ের জন্য চাপ দিলে সে নানাহ তালবাহানা করতে থাকে । এক পর্যায়ে তাকে বিয়ে করবেনা বলে সাফ জানিয়ে দেয়। স্থানীয় এলাকাবাসী এবং পুলিশের সহযোগীতা কামনা করেও ব্যর্থ হয় আছমা। । অবশেষে বাধ্য হয়ে আত্মপ্রত্যয়ী আছমা বিষয়টি প্রধান মন্ত্রীর নজরে আনার জন্য একাকী ছুটে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে গত ৮ আগষ্ট বিষয়টি সে প্রধানমন্ত্রীর নজরে আনতে সক্ষম হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে বিষয়টি আশু সমাধানের লক্ষ্যে তার কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর পি.এস-২ সাইফুজ্জামান শেখর নরসিংদীর পুলিশ সুপারকে বিষয়টি অবগত করালে, নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) মো: মোশারেফ হোসেন আছমা আক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে আলমগীর মুন্সিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১০(সংশোধণী/০৩)এর ৯(১) ধারা মোতাবেক গত ১১ আগষ্ট মামলা নং ৩২ দায়ের করেন। মামলার সাথে সাথে ঐদিনই আসামী আলমগীর মুন্সিকে মাধবদী বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। পরদিন ১২ আগষ্ট মামলার মূল রহস্য উদঘাটনসহ বর্ণিত আসামীর কার্যকলাপের তথ্য সংগ্রহ করার নিমিত্তে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তার অসুস্থতার কারণ বিবেচণা করে জেল গেটে সতর্কতার সাথে জিজ্ঞাসা বাদের নির্দেশ দেন। এদিকে জেল-হাজতে থাকা আলমগীর তার ভুল বুঝতে পেরে লোক মারফত আছমাকে বিবাহ করবে বলে ইচ্ছা প্রকাশ করলে গত ২৮ আগষ্ট আছমা জেল গেটে গিয়ে তার সাথে দেখা করেন। সেখানে দু’জনে আলাপ- আলোচনার ভিত্তিতে বিয়ের ব্যাপারে এক মত পোষন করে। অত:পর আছমা আলমগীরের জামিনের জন্য আদালতের শরনাপন্ন হয়ে বিষয়টি আপোষে মিমাংসা করিয়াছে মর্মে আবেদন জানালে আদালত মানবিক দিক বিবেচনা করে গত ৩১ আগষ্ট আসামী আলমগীরকে জামিন প্রদান করেন। অত:পর সোমবার উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে নোটারী পাবলিকের মাধ্যমে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়।
নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেয়ায় নির্মাণাধিন ভবন ভাংচুর
মামলা করায় প্রাণনাশের হুমকি

নরসিংদী সদর উপজেলার মাধবদীর কোতালির চরে চাঁদা না পেয়ে নির্মাণধীন ভবন ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে ভবন মালিক বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা করেছেন। মামলা করার দীর্ঘ ১৬ দিন চলে যাওয়ার পরও নরসিংদী সদর থানা পুলিশ আসামীকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
মামলার বিবরনে জানা যায়, কোতালির চরের মৃত বহর আলীর ছেলে ফারুক মিয়া তার নিজ বাড়ীতে বিল্ডিং নির্মাণ শুরু করলে একই গ্রামের হাবিবুল্লা’র ছেলে সন্ত্রাসী মোজাম্মেল তার বাহিনী নিয়ে ফারুক মিয়ার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে মোজাম্মেল বাহিনী ফারুক মিয়াকে মারধোর করে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা ফারুকের প্রতি হুমকি প্রদান করে বলে কোতালির চরে কোন কিছু করতে হলে মোজাম্মেল বাহিনীকে চাঁদা দিয়েই করতে হবে। অন্যথায় কিছু করতে দেয়া হবে না। নিরুপায় হয়ে ফারুক থানায় মামলা করেন। থানায় মামলা করার পর মোজাম্মেল বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠে। ফারুককে অব্যাহতভাবে হুমকি প্রদান করে চলছে মোজাম্মেল বাহিনী। নিজেকে রক্ষার জন্য মামলা করে যেন আরো বেকায়দায় পড়ে গেছেন নিরীহ ফারুক মিয়া। সন্ত্রাসীদের হুমকির কারনে আতংকিত ফারুকের পরিবার। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ফারুকের পরিবারসহ স্থানীয় জনগন।



















