মেহের আমজাদ, মেহেরপুর : জৈষ্ঠ্যের খরতাপে ভ্যাপসা গরমে একটু প্রশান্তি দিতে পারে ফরমালিন মুক্ত তালশাঁস। মেহেরপুর বাজারে আম ,কাঁঠাল, লিচুর পাশাপাশি বিক্রী হচ্ছে মৌসুমি ফল সুস্বাদু তালশাঁস। ফলের মাস মধু মাসে মেহেরপুর বাজারে বিভিন্ন ক্যামিকেল ও ফরমালিন যুক্ত দৃষ্টিনন্দন আম, কাঁঠাল, লিচুতে ফরমালিন থাকলেও নিশ্চিন্তে তৃপ্তির সঙ্গে নির্ভয়ে খাওয়া যেতে পারে তালশাঁস।
সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে তাল শাঁসে কোন ক্যামিকেল বা ফরমালিন দেয়না ব্যবসায়ীরা। এ বিষয়ে কথা হয় মেহেরপুর শহরে কোট রোডে তালশাঁস বিক্রেতা ইউসুব আলীর সঙ্গে। তালশাঁস বিক্রেতা ইউসুব বলেন, ২০ বছর ধরে তালশাঁস বিক্রী করছি আমার জানামতে তালশাঁসে কোন ক্যামিকেল বা ফরমালিন চলেনা। তাল কোথায় থেকে নিয়ে এসে বাজারে তালশাঁস বিক্রি করা হয়? উত্তরে ইউসুফ বলেন, মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের তাল বাগান মালিকদের কাছ থেকে ফলকর হিসেবে কেনা হয়। যাদের ২/১ টি তাল গাছ আছে তাদের কাছ থেকেও তাল ফল কেনা হয়। প্রতিটি গাছ দেড়শ’ থেকে আড়াইশ’ টাকায় মালিকদের কাছ থেকে কিনে নেন।
তালশাঁস বিক্রেতা মেহেরপুর সদর উপজেলর শ্যামপুর গ্রামের হিয়ারুল ইসলাম (৩২) বলেন, আমার বাপ-চাচারা তালশাঁসের ব্যবসা করে আসছেন। সেই সাথে আমি বিগত ১৫/১৬ বছর ধরে তালের শাঁস বিক্রি করে আসছি। তিনি আরো বলেন, তালশাঁসই হচ্ছে একমাত্র ফরমালিন মুক্ত ফল। যা সবাই খেতে পারেন নির্দিধায়। তিনি আরো বলেন, তালশাঁস বিক্রি ভালো হচ্ছে। এবছর বাজারে প্রতিটি তালশাঁস ২ টাকা দরে বিক্রি হচ্ছে।



















