আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সভাপতির পদত্যাগ এবং নিয়োগ বঞ্চিতরা মামলা দায়ের করেছেন। নিয়োগ সংক্রান্ত জটিলতায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য গত ১৪ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হলে ৩টি পদে ৫০ জন প্রার্থী আবেদন করে। গত ১৪ ফেব্রুয়ারি বরিশাল সদর গার্লস স্কুলে তাদের পরীক্ষা নেওয়া হলে প্রধান শিক্ষক পদে নারায়ণ চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) পদে বীথিকা রানী পাল ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে রমেন্দ্র নাথ সরকার ১ম স্থান অধিকার করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাশীনাথ হাওলাদারের নেতৃত্বে কতিপয় সদস্য আর্থিক সুবিধা গ্রহণ করতে না পেরে ওই নিয়োগের বিরোধিতা করে। একপর্যায়ে কমিটির সদস্যরা নিয়োগের বিরোধিতা করায় সভাপতি কৃষ্ণকান্ত গোলদার কমিটি থেকে পদত্যাগ করেন। কাশীনাথ কমিটির অন্যান্য সদস্যদের ম্যানেজ করে গত ২২ মে সভাপতি নির্বাচিত হয়ে ২৪ মে পুনরায় ৩টি পদের জন্য শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আহবাণ করে। পূর্বের বিজয়ী প্রার্থী নারায়ণ চন্দ্র মন্ডল ও রমেন্দ্র নাথ সরকার বাদী হয়ে ১৮ মে বরিশাল সহকারী জজ আদালতে বর্তমান সভাপতি কাশীনাথ হাওলাদারসহ ম্যানেজিং ও নিয়োগ কমিটির ১৩ জন সদস্যকে আসামী করে একটি মামলা দায়ের করে। যার নং-৩৬/২০১৪। একারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যাহত হচ্ছে বলে অধিকাংশ শিক্ষার্থী অভিভাবক মনোতোষ সরকার, বিনোদ মন্ডলসহ অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি কাশীনাথ হাওলাদার জানান, নিয়োগ না হওয়ার জন্য আমি কোন বিরোধিতা করিনি। এজন্য পূর্বের সভাপতি দায়ী।



















