পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনী তফশীল ঘোষনার পর নওগাঁ জেলার অন্যতম পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক মনোনীত প্রার্থী থাকলেও বিএনপির একাধিক প্রার্থী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন প্রার্থী এবারের নির্বাচনে মাঠে নেমেছে।

আগামী ২৭ ফেব্রুয়ারী পত্মীতলা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জমে উঠেছে প্রচার প্রচারণা। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্ব-স্ব প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ভোটারদের কাছে প্রার্থীরা নিজেদের গুণকীর্তন ও নির্বাচনী প্রতীকের পাশাপাশি দলীয় পরিচিতি তুলে ধরছেন। এলাকার উন্নয়নের স্বার্থে এবার ভোটাররাও সৎ যোগ্য ও আদর্শবান প্রার্থী বাছাই করেছেন। উপজেলার গ্রামগঞ্জ, হাট-বাজার, বিভিন্ন মোড়ের চায়ের দোকান সহ সর্বত্রই এখন নির্বাচনী আমেজ। সবাই নির্বাচনী হিসেব-নিকেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। নির্বাচনী উত্তাপে সমগ্র উপজেলা এখন সরগরম। আনাচে-কানাচে ছেয়ে গেছে প্রার্থীর ছবি সম্বলিত পোস্টার, লিফলেট আর ব্যানারে।
আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী (সাবেক উপজেলা চেয়ারম্যান) উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আজাদ রহমান (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারমন পদে জেসমিন আক্তার (কলস)।

অপরদিকে ১৯দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সেক্রেটারি আব্দুল হামিদ (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের হাবিবুর রহমান (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বি.এন.পির (সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান) মরিয়ম বেগম শেফা (হাঁস)। বি.এন.পির বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে (উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি ও দিবর ইউ.পির প্রাক্তন চেয়ারম্যান) আনিছুর রহমান শেখ (মটরসাইকেল)। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান পদে আব্বাস আলী (আনারস) প্রতীক নিয়ে দাপটের সাথে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
এবারের পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ৮০ হাজার ৯১৩ জন ও মহিলা ৮০ হাজার ৪১৪ জন। উপজেলা নির্বাচনে ৫৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এবং ভোট গ্রহন ২৭ ফেব্রুয়ারী বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।




