তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিএনপি কর্মী দেলোয়ার নিহত ও বিএনপির ৩ সিনিয়র নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার কুমিল্ল¬া দক্ষিণ জেলা বিএনপি’র ডাকা অর্ধ দিবস হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, ছাতিপট্টি, পুলিশ লাইন, টমছমব্রীজ, শাসনগাছা এলাকায় হরতালের সমর্থনে কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে রিকশা, অটোরিক্সা, সিএনজি চলাচল করতে দেখা গেছে। তবে নগরীর শাসনগাছা, জাঙ্গালিয়া, চকবাজার বাসষ্ট্যান্ড থেকে দূর পাল্লার কোন ভারি যান-বাহন ছেড়ে যায়নি। অফিস-আদালতে জনসাধারনের উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের মতই। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক নেতা জানান- নগর জুড়ে গ্রেফতার আতংকে বিএনপি’র শত শত নেতা-কর্মী আত্মগোপনে রয়েছে। এদিকে, পিকেটাররা সকাল সাড়ে ১০টার সময় নগরীর শাসনগাছা এলাকায় পুলিশের গাড়ীতে আগুন দিয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য যে, মঙ্গলবার অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্ল¬া নগর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভিপি, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম ও সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম রায়হানকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।




