শেরপুরের নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফরেন্স হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ওই প্রেস কনফারেন্সের আয়োজন করে।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক বিস্তারিত তুলে ধরে নাতিদীর্ঘ বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল মঙলবার (১৩ অক্টোবর) থেকে সীমিত পরিসরে শুরু হওযার কথা রয়েছে। প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি পরিবারের তথ্য সংগ্রহ করবেন। তথ্য দিতে কোন টাকা লাগবে না। কেউ টাকা দাবি করলে বা নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তা বিশ্বাস করবেন না। প্রতারণা বা এসংক্রান্ত কোন বিষয়ে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানাতে অনুরোধ করেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম।
প্রেস কনফারেন্সে সহকারী কমিশনার (ভূমি) মিজ্ সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ও সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




