জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফারিদা ইয়াসমিন। অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, কাকন রেজা, সাধারণ সম্পাদক, মাসুদ হাসান বাদল, শেরপুর ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, মো. সাইফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও তাদের প্রতিভা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুরের উদ্যোগে আয়োজন করা হয়।




