শেরপুরে গণশুনানীতে আসা সেবাপ্রার্থী প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৩ টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর সোমবার বিকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসব হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সৌজন্যে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল আওয়াল চৌধুরী, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সকল পর্যায়ের নাগরিক তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। সমস্যা সমাধানে নানাভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শারিরীক প্রতিবন্ধী ১৪ জন অসহায় মানুষের মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হলো।




