শেরপুরের জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। ৫ অক্টোবর সোমবার তিনি কারাগারটি পরিদর্শনে যান। ওইসময় তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। একইসাথে বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিত করা, যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

পরে তিনি কারাগারের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মো. আব্দুস সেলিমসহ কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





