মর্যাদাপূর্ণ ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড ২০২৬’ বিজয়ী বিশিষ্ট সমাজকর্মী শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়াকে নিজ জেলা শেরপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার রাতে শহরের একটি হোটেলে ‘করিম এন্ড অ্যাসোসিয়েটস’ এর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া’র হাতে সম্মাণনা স্মারক এবং উপহার সামগ্রী তুলে দেন ‘করিম এন্ড অ্যাসোসিয়েটস’ এর প্রতিষ্ঠাতা আয়কর উপদেষ্টা সেরাজুল করিম পনির।

এসময় পুরষ্কারপ্রাপ্ত রাজিয়া সামাদ ডালিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেরপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া, মডেল গার্লস ইনষ্টিউটের প্রধান শিক্ষক দিলরুবা বেগম রূপা, নজরুল মঞ্চের জেলা আহ্বায়ক মো. ইমামুল হক রবিন, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, সেলিম হোসেন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। বক্তারা বলেন, ডালিয়া আপার এই আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড পাওয়ায় শেরপুরবাসীকে গর্বিত করেছে। মর্যাদাপূর্ণ এই পুরষ্কারের পথ থরে সামনের দিনে রাষ্ট্রীয় পুরষ্কারের প্রত্যাশা করছি। আশাকরছি সমাজসেবার পাশাপাশি শেরপুরবাসীকে আরও বড় আনন্দের উপলক্ষ এনে দেবেন শেরপুরের ‘মাদার তেরেসা’ খ্যাত রাজিয়া সামাদ ডালিয়া। বক্তারা শেরপুরের সর্বজন শ্রদ্ধেয় আশি উর্ধ্ব বয়সী ‘ডালিয়া আপা’ নামে সমধিক পরিচিত রাজিয়া সামাদ ডালিয়ার দীর্ঘায়ু কামনা করেন এবং মানুষের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত রাজিয়া সামাদ ডালিয়া বলেন, মানুষের কল্যাণে কাজ করার আলাদা আনন্দ আছে। আমারতো টাকা নেই। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে টাকার অভাব হয়নি। সমাজে অনেক ভালো মানুষ আছেন। যারা মানুষকে সহায়তা করতে চান। কিন্তু কার কাছে তিনি টাকা পাঠাবেন, সেই বিশ্বাসযোগ্যতা অর্জনই বড় কথা। মানুষের প্রশংসা কিংবা পুরষ্কারের জন্য কাজ করিনা, মানুষের কল্যাণে কাজ করি নিজের আনন্দের জন্য। একসময় যারা আমার কাজের বিরোধীতা করতেন, নানা কথা বলতেন, এখন তারা যখন সেবা নিতে আসেন, কাজের প্রশংসা করেন সেটা আমাকে আরও অনুপ্রেরণা দেয়। কোনো বধায় থেমে যাওয়া যাবে না। মানুষের জন্য অবিরত কাজ করে যেতে হবে। তাতেই সমাজের ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি অনুষ্টানের আয়োজক সেরাজুল করিম পনিরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একজন নিবেদিন প্রাণ সমাজসেবী হিসেবে রাজিয়া সামাদ ডালিয়া শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রতিনিয়ত সমাজ রূপান্তরের চেষ্টা করে যাচ্ছেন। গড়ে তুলেছেন বাংলাদেশ রক্তসৈনিক ফাউন্ডেশন। আর্ত-পিড়ীত, দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খান বাহাদুর ফজুর রহমান ফাউন্ডেশনের মধ্যেমে চরাঞ্চল ক্রিকেট একাডেমী গড়ে তুলেছেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন, কঠিন রোগ ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, চক্ষুসেবা, খেলাধুলায় পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে প্রতিভাবান খেলোয়াড়দে সহায়তা করে যাচ্ছেন। অসহায়ের সহায় হিসেবে পাশে দাঁড়াচ্ছেন। বহুমুখি কাজের মধ্য দিয়ে শেরপুরে তিনি ইতোমধ্যেই ‘শেরপুরের মাদার তেরেসা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।









