শেরপুর সদর থানায় এক অভিযানে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কসবা বারেক পাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মন কান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), শহরের মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্ল্যাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া(২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামান ছেলে মো. মারুফ (২২) সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, শেরপুর সদর উপজেলায় বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলের আয়োজন করেছে। এই গোপন খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে নাশকতা মামলা রয়েছে। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।




