সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী নামের এক কিশোরের মৃত্যু ও চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে ওই সড়ক দূর্ঘটনা ঘটে।
থানা সুত্রে জানা গেছে, সোমবার সকাল ৯ টায় মটরসাইকেলযোগে সাপাহার গোডাউনপাড়া যাবার পথে সদরের উল্লাস সিনামা হলের সামনে অপর প্রান্ত থেকে আসা বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা মটরসাইকেল চালক হাপানিয়া কৃষ্ণসদা গ্রামের ইলিয়াস আলীর পুত্র আব্দুল কাউম, মটরসাইকেলে থাকা হাপানিয়া গ্রামের আব্দুল হামিদের পুত্র মাহমুদুল হাসান ও গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র আঃ আহাদ আলীকে রক্তাক্ত অবস্থায় সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বেলা ১১টায় রাজশাহী যাবার পথে মহাদেবপুর শহরে আহত আহাদ আলীর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর আহত ২ জন রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহত মাহমুদুলের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেল ও বাসটি কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।




