শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় নুরজাহান বেগম (৬৫) ও শাকিলা (১৬) নামে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ আগস্ট সোমবার উপজেলার নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকা ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে এসব ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী এবং শাকিলা রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতে বসবাস করছিলেন। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে একটি সবরি গাছের সঙ্গে ওড়না দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে আটটার দিকে তন্তর এলাকায় নিজ ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেন শাকিলা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুটি মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে তারা এমন পদক্ষেপ নিয়েছেন, তা জানা যায়নি।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




