শেরপুরের শ্রীবরদীতে প্রায় ২৫০ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর গ্রামে ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কাউনেরচর গ্রামের এই রাস্তা দিয়ে শত বছর ধরে প্রায় আড়াইশো মানুষ চলাচল করে আসছে। তবে সম্প্রতি রাম্তাটি পাকা দেওয়াল তুলে বন্ধ করে দেন স্থানীয় প্রভাবশালী স্বাস্থ্য বিভাগের কর্মচারি মো. রবিউল ইসলাম মুক্তার। এ রাস্তাটি বন্ধ করায় এলাকার স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ মানুষসহ সকলে বিপাকে পড়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি খুলে দিতে প্রশাসনের কাছে দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় খোরশেদ আলম, মতিউর রহমান দুদু, নবিকুল ইসলাম, মাজহারুল ইসলাম চঞ্চল, শিক্ষার্থী রাফি, উসমান, আফরিনা আক্তার, নাদিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম মুক্তার তা অস্বীকার করে বলেন, আমি আমার ব্যক্তিগত জমিতে বাউন্ডারি করেছি।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, কারও ব্যক্তিমালিকানা জায়গা হলেও কেউ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করতে পারে না। রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




