‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মৎস্যজীবীদের অংশগ্রহণে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জাতীয় মৎস্য পক্ষের মূল চেতনা ধারণ করে মৎস্যজীবী সমাজের কল্যাণের পাশাপাশি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর শেরপুর গড়ার প্রত্যয়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সচিব জিন্নত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।




