শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬ আগস্ট বৃহস্পতিবার ভোরে উপজেলার পানিহাতা সীমান্তে এসব ওষুধ জব্দ করা হয়। জব্দকতৃ ওষুধের বাজারমূল্য প্রায় ৮১ লাখ ২১ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধের একটি চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে- এমন গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া বিওপির বিশেষ টহল দল। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। ওষুধের মধ্যে রয়েছে ইসোবিন-২০ ট্যাবলেট, ভিটাবোর্ড-জি ক্যাপসুল, ইসোট্র্যাক্স-২০ ক্যাপসুল, ক্যালবিন-৫০০ ট্যাবলেট, পিটু-প্লাস সাসপেনসন, ক্লিনিমেড জেলসহ ৯ ধরনের ওষুধ।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




