শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আফসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা আরিফ রাব্বানী।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিক সমাজ, বিশেষ করে পরিবহন খাতের শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁরা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুসিনা মো. জোবায়ের। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহসান কবির।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




