দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় এবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। নদীবেষ্টিত এই জেলার ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে এবারের আয়োজনে।

লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় ‘ইত্যাদি’র মঞ্চ। দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই স্থানেই ধারণ করা হয় অনুষ্ঠানটির এবারের পর্ব।
‘ইত্যাদি’র শুটিং ঘিরে লক্ষ্মীপুরজুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রিয় অনুষ্ঠানটি সরাসরি ধারণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন স্থানীয় দর্শকেরাও।

লক্ষ্মীপুর পর্বে থাকছে জেলার দুই কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের গাওয়া বিশেষ গান। পাশাপাশি জেলার পরিচিতিমূলক নৃত্যগীত এবং জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণে থাকছে বিশেষ পরিবেশনা।
এবারের পর্বের অন্যতম আকর্ষণ এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।
তাঁর জীবন, সংগ্রাম ও এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে থাকছে বিস্তারিত আলাপ।
শুধু গান ও বিনোদন নয়, লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা দিকও তুলে ধরা হবে অনুষ্ঠানে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকবে বিদেশি পর্ব, কাশেম টিভি ও চিঠিপত্র।
সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এবারের পর্বে।
ফলে বিনোদনের পাশাপাশি সামাজিক নানা অসঙ্গতি ও বাস্তবতার চিত্রও উঠে আসবে ‘ইত্যাদি’র আয়োজনে।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। লক্ষ্মীপুরে ধারণ করা বিশেষ পর্বটি আজ, ৩১ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।




