টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করার বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ আদেশ দেন।

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
আদেশের পর আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে থাকবেন বুয়েটের একজন, বিএসটিআই-এর একজন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একজন প্রতিনিধি।

স্বাস্থ্যসচিব এবং বিএসটিআই-এর মহাপরিচালককে এই কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া টুথপেস্টে যদি মাইক্রোপ্লাস্টিক থাকে, তবে কেন বাজারজাতকৃত এবং আমদানি করা সেই পণ্যগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।




