দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। ২৭ জুলাই সোমবার দুপুরে উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের দুইপাশে বগাডুবি এলাকায় ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।

ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ঝিনাইগাতী উপজেলায় পরিচালিত বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) সার্বিক সহযোগিতায় ওই কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। এদিন বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হয়।




