শেরপুরের শ্রীবরদীতে মাদক সেবন করার অপরাধে দুই মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ জুন সোমবার রাতে ওই সাজা প্রদান করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

সাজাপ্রাপ্তরা হলো শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের চক কাউরিয়া এলাকায় সিরাজের ছেলে হানিফ (২২) ও ফজলুল সোবহানের ছেলে আলিমুল রাজি (৫০)।
জানা যায় সোমবার রাত ৯ টার দিকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এসআই মোরশেদ আলম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল চককাউরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নেশারত অবস্থায় দুই মাদকসেবীকে নেশার সরঞ্জামসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ওই দুই জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

ওইসময় শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই মোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।




