শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উসনাই বেগম (৬০) নামে আহত নারীর ৩ দিন পর মৃত্যু হয়েছে। ২৭ জুন শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উসনাই বেগম ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের শাড়িকালি নগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। এর আগে গত ২৪ জুন বুধবার রাতে জমির সীমানা নিযে প্রতিপক্ষের হামলায় আহত হন উসনাই বেগম।

জানা যায়, উসনাই বেগমের পরিবারের সাথে বাড়ির জমির সীমানা নিযে প্রতিবেশি আব্দুল হালিম, ডালিম মিয়া ও ছানা মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে হালিমের লোকজন উসনাই বেগম ও তার ছেলে স্বপন (২৫) এর উপর হামলা করলে তারা দুজনই আহত হয়। আহত উসনাই বেগমকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠানো হয়। শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে সংঘর্ষের ঘটনার পরপরই থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে উসনাই বেগমের মৃত্যু খবর পেয়ে খানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় পূর্বে যে মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।




