ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। ১৭ জুন বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। একইদিন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছ থেকে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

জানা যায়, বুধবার রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে ময়মনসিংহ রেঞ্জের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে মে মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ। সভায় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
এদিকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ায় শেরপুরের পুলিশ সুপার জহিরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ সচেতন মহল।




