ভবিষ্যতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো সংঘর্ষ না ঘটে সেজন্য ঢাকা কলেজের শিক্ষার্থী ও প্রশাসনকে নিয়ে কমিটি গঠন করতে চায় নিউমার্কেট দোকান মালিক সমিতি। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা .দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করব। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই।
তিনি আরও বলেন, দুই পক্ষের আলোচনার মাধ্যমে শিগগিরই নিউমার্কেটের দোকান খোলা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি মীমাংসা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আজ বুধবার পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশ রয়েছে। তবে মার্কেটে দোকানপাট খোলেনি।
নিউমার্কেট এলাকায় গত সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার দোকানমালিক ও কর্মচারীদের এই সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন।

ঢাকায় সাম্প্রতিক কালে এ ধরনের সংঘর্ষ হয়নি। সংঘর্ষের কারণে গতকাল প্রায় পুরো দিন রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। তার প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে যায়। নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলো গতকাল খোলা সম্ভব হয়নি। দফায় দফায় সংঘর্ষের পর গতকাল রাত সাড়ে ১০টার পর ছাত্র, দোকানমালিক ও কর্মীরা সড়ক থেকে সরে যান। পরে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যানচলাচল শুরু হয়।
এদিকে, নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদে সরব হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার নিউমার্কেট এলাকায় দিনভর সংঘর্ষের পর আজ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার সাত কলেজের শিক্ষার্থীরা নামতে পারে বলে সতর্ক রয়েছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে ঢাকা, ইডেন ও কবি নজরুল কলেজ ছাড়াও রয়েছে বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।




















