শ্যামলবাংলা ডেস্ক : হাবিবুর রহমান মোল্লা ও ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোটের ওই তারিখ চূড়ান্ত করে ২ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা যথাক্রমে ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে কাজ করবেন।

তফসিল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। ইসি’র সিনিয়র সচিব আলমগীর জানান, ওই ২ আসনের নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
জানা যায়, গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পরে ঢাকা-৫ আসন ও গত ২৭ জুলাই আ’লীগের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসন শূন্য হয়।

উল্লেখ্য, নির্বাচনী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদীয় উপনির্বাচনের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।




















