‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২০ মে বুধবার সকালে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তারা যেকোনো দুর্যোগ ও সংকটে ফায়ার ফাইটারদের সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা জননিরাপত্তা রক্ষায় ফায়ার সার্ভিসকে সব ধরনের লজিস্টিক ও কৌশলগত সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মো. নাছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলার সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন।




