শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাতে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতিসহ উন্নয়ন ভাবনা ও প্রস্তাবনা উঠে আসে। তাই সাংবাদিক সমাজসহ সকলের সহযোগিতা নিয়ে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর গড়ে তুলতে চাই। ওইসময় তিনি শেরপুরকে নিয়ে তার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের অগ্রগতি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল প্রমুখ।

মতবিনিময় সভায় শহর জামায়াতের সাধারণ সম্পাদক ডা. হাসানুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক নাঈম ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাগণ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




