শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনভর নানা কর্মসূচির সূচনা করা হয়।

রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। পরে পর্যায়ক্রমে শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) আরিফা সিদ্দিকা, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশসহ চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকালে প্রভাতফেরিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে শনিবার দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।




