শেরপুরের দুর্গম চরাঞ্চলে অবৈধভাবে সরকারি বালু উত্তোলন ও বিক্রির দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১১ জানুয়ারি রবিবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় মো. সাত্তারের ছেলে মো. সোহেল মিয়াকে (৩৫) ওই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। ওইসময় তার সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শেরপুরে প্রত্যন্ত চরাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু তোলা ও পরিবহনের কাজে নিয়োজিত দুটি মাহেন্দ্র আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু তোলার কাজে জড়িত কয়েকজন দুষ্কৃতিকারী দৌড়ে পালিয়ে যায়। ওইসময় সোহেল মিয়াকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামনে আরও কঠোর অভিযান পরিচালিত হবে।




