শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে নালিতাবাড়ীতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি পালন করেছেন। ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই ঘন্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানের নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নকলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কলমবিরতি পালিত হয়েছে। এ ছাড়া বুধবার একই সময়ে অবস্থান কর্মসূচি ও বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হবে। টানা তিন দিনের এই কর্মসূচি চলাকালে মাঠপর্যায়ের কৃষি সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে গত ৫ নভেম্বর কৃষি প্রণোদনা তালিকায় পছন্দের ব্যক্তিদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোহাম্মদ মেহেদীর ওপর হামলার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে। ওই রাতেই দুইজনকে আসামি করে মামলা করা হলেও সাত দিন পার হলেও অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, দ্রুত হামলাকারীদের গ্রেফতার না করা হলে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাব। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি, অভিযান অব্যাহত আছে।




