শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত শারীরিক আক্রমণের প্রেক্ষিতে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ এক ঘন্টার কলম বিরতি পালন করেছেন। ১১ নভেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এক ঘণ্টার ওই কলম বিরতি পালন করেন তারা।

কলম বিরতিকালে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণ সাংবাদিকদের জানান দায়িত্ব পালনরত অবস্থায় অফিসে ঢুকে একজন সরকারি কর্মকর্তার উপর হামলা প্রশাসনিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য বড় হুমকি। তাঁরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কৃষি প্রণোদনার ভাগ চেয়ে না পেয়ে নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম ও সদস্য মো. ফজলু উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করেন। বিষয়টি নিয়ে ওইদিন কৃষি কর্মকর্তা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম ও সদস্য ফজলুকে অভিযুক্ত করে নকলা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ একটি নিয়মিত মামলা রুজু করে। পরদিন কাইয়ুমকে দলীয় পদপদবী ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। কাইয়ুম ও ফজলু বর্তমানে পলাতক রয়েছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।




