‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহাদত হোসেন। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, এনসিপি নেতা রাশেদুল ইসলাম দেওয়ান প্রমুখ।
সভায় সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমতা ও সামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সমবায় কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায়ের বিস্তৃত কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।




