শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬০০ কেজি চোরাই ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। ২৮ জুলাই সোমবার ভোরে উপজেলার মায়াকাশি সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ জিরা জব্দ করে বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা। এর আগে রবিবার একই উপজেলার পানিহাটা সীমান্ত এলাকা থেকে ১ লাখ পিস ভারতীয় চোরাই জিলেট ব্লেড আটক করেছিল বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান।

বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল সীমান্ত পিলার ১১১৭/৩-এস থেকে ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াকাশি নামক স্থান দিয়ে পাচারকালে ৬০০ কেজি ভারতীয় জিরা আটক করে। তবে অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জিরার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
এর আগে রবিবার সীমান্ত পিলার ১১১৮/৭-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় পাচারকালে ১ লাখ পিস ভারতীয় জিলেট ব্লেড আটক করে বিজিবি। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যμম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।




