শেরপুরের নালিতাবাড়ীতে বালু মহাল বিলুপ্ত ঘোষণা এবং সবধরণের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ৯টি ট্রাক জব্দ, একই সাথে ৯ ট্রাক চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ৪ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন ১৫ দিন সাজাপ্রাপ্ত কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), ময়মনসিংহের চুরখাইয়ের আজিজুল শেখ এর ছেলে গাজী শেখ (২৮), একই এলাকার হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫), নালিতাবাড়ীর কালাকুমা গ্রামের জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ত্রিশাল উপজেলার বাগান গ্রামের আজিজুল হক এর ছেলে রুকন (২৭), ৭ দিন সাজাপ্রাপ্ত একই উপজেলার মধ্যকটির চরপাড়া গ্রামের আব্দুল কাদির জিলানীর ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) ও নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩)।
প্রশাসন সূত্রে জানা যায়, বালু মহাল বিলুপ্ত ঘোষণা এবং সবধরণের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে ভোগাই নদীর কালাকুমাসহ বিভিন্ন এলাকায় বালু উত্তোলন চলে। উত্তোলিত এ বালু গভীর রাত থেকে ভোর সাতটা পর্যন্ত পরিবহন করা হয়। এরই প্রেক্ষিতে কালাকুমা ও বৈশাখী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ৯টি ট্রাক জব্দ, একই সাথে ৯ ট্রাক চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।




