শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ৯৮৮ পিস ভারতীয় শাড়িসহ একটি শ্যালোইঞ্জিনচালিত ট্রলি জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি সদস্য। ২৩ জুন সোমবার রাতে উপজেলার মায়াঘাঁসি সীমান্ত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা এসব শাড়ি জব্দ করেন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী মায়াঘাঁসি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওইসময় একটি শ্যালোইঞ্জিনচালিত ট্রলিভর্তি ভারত থেকে চোরাই পথে আনা ৯৮৮ পিস শাড়ি জব্দ করেন বিজিবি সদস্যরা। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, জব্দকৃত শাড়ি ও ট্রলির জব্দকৃত মূল্য প্রায় ৬৬ লাখ ৭২ হাজার টাকা। সীমান্তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।




