শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে পেটাল রূপচান আলী (৩০) নামে এক নেশাগ্রস্ত ছেলে। ১২ জুন বুধবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে ওই ঘটনা ঘটে। রূপচাঁন ওই গ্রামের দিনমজুর গফুর আলীর ছেলে ও এক সন্তানের জনক। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে বাবা গফুর আলী বাদী হয়ে রূপচাঁনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপচাঁন নিজেকে পেশায় একজন দিনমজুর দাবি করলেও তাকে কোন কাজ-কর্ম করতে দেখা যায় না। রূপচাঁন গোমড়া ও সন্ধ্যাকুড়া গ্রামের মাদকপাচারকারী কিশোর গ্যাঙ সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারি। সে নিজেও একজন মাদকাসক্ত। স্ত্রী ও ১ সন্তানসহ ৩ সদস্যের পরিবার নিয়ে আলাদা সংসার রূপচাঁনের। সে বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে উল্টো বাবা-মার কাছ থেকেই জোরজুলুম করে টাকা নেয়। শুধু তাই নয়, মাঝে মধ্যে নেশার টাকাও দিতে হয় তার বাবা-মাকে। টাকা দিতে অস্বীকার করলেই বাবা-মার উপর নেমে আসে রূপচাঁনের নির্যাতন। টাকা না দিলে বাড়িতে মাদক রেখে ৯৯৯-এ ফোন দিয়ে বাবা মাকে গ্রেফতার করানোর হুমকি দেয়া হয়।
বুধবার রাত ১০ টায় রূপচাঁন নেশা করার জন্য ২ হাজার টাকা দাবি করে তার বাবার কাছে। টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রূপচাঁন তার বাবার উপর আক্রমণ করে। এসময় রূপচাঁনের হাত থেকে গফুরকে উদ্ধার করতে তার স্ত্রী আমেনা বেগম ও দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। বর্তমানে গফুর আলী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




