ঈদুল আজহার আনন্দটা যেন একটু অন্যরকম। কোরবানির জন্য গরু কিনতে হাটে যাওয়া, পুরো হাট ঘুরে পছন্দ মতো গরু কেনা, গরুর রশি ধরে বাড়ি ফেরা- ইত্যাদি ইত্যাদি। এ ঈদকে ঘিরে তারকাদের মাঝেও এক অন্যরকম আনন্দ কাজ করে। শুধু নিজেদের কথা না ভেবে সমাজে দরিদ্র মানুষের কথাও ভাবেন অনেক তারকা। এবার ঈদে সেভাবেই নিজের পরিকল্পনা সাজিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ৩ জুন মঙ্গলবার তিনি জানান, পরিবারের বাইরে সমাজের অসচ্ছল কিছু পরিবার নিয়ে আমাদের সামান্য পরিকল্পনা আছে। এবার আমার ফাউন্ডেশন থেকে অনেক কাজ করেছি। আমাদের এলাকায় যেসব পরিবারের কোরবানি দেওয়ার মত সমর্থ নেই, ওই পরিবারগুলোকে আমরা গরু দেওয়ার ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, নিজের পরিবার থেকে কোরবানি দিয়ে মাংস বিতরণ করবো।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমরা যারা কোরবানি ঈদে নিজেদের পরিবার নিয়ে ভালোভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছি তারা যেনো খেয়াল রাখি, পাশের মানুষটা কোরবানি ঈদে কি করছে? সে কি এই আনন্দের সাথে শরীক হতে পারছে কি না। তার ভাগেও যেনো কোরবানির মাংসটা থাকে। এই কাজ হয়তো আমার একার পক্ষে করা সম্ভব হবে না। তবে সবাই মিলে পাশে থাকলে অনেক পরিবারের পাশে দাঁড়াতে পারবো।’
উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল হক পলাশ অভিনীত, কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। বেশ লম্বা বিরতির পর নিজের প্রিয় কাজ নিয়ে দর্শকের কাছে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই অভিনেতা।




