শেরপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও যাত্রী হয়রানিরোধে বিভিন্ন টার্মিনালে অভিযান চালিয়েছে প্রশাসন। ২৯ মার্চ শনিবার শহরের খোয়ারপাড় মোড় এলাকার শ্রীবরদী ও ঝিনাইগাতী সিএনজি স্ট্যান্ড, থানামোড় এলাকার জামালপুর ও ময়মনসিংহ সিএনজি স্ট্যান্ড এবং বটতলা এলাকার নালিতাবাড়ী সিএনজিস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইনে ২ চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব সরকার।
ওইসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।




