শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এরপর পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও আনসার বাহিনীর সদস্যদের অংশগ্রহণে প্যারেড অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিতরণ করা হয় উপহার ও উন্নতমানের খাবার। দুপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগি ও বিভিন্ন এতিম খানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ওইসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন দলীয় নেতা-কর্মীদের নিয়ে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নিজ নিজ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।




