‘উচ্চ শিক্ষা আমাদের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ডিপ্লোমা শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন, অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গনে এ অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি জানিয়ে ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রতিটি সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায় উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি, আধুনিক প্রযুক্তিসম্বলিত ল্যাব স্থাপন করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে আধুনিকায়ন করা, কৃষি ডিপ্লোমাকে ডিগ্রীর সমমান দেওয়া, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আলাদা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি।

Oplus_0

তাদের ওইসব দাবি মানা না হলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে সকল ক্লাস বর্জন করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসাথে পর্যায়ক্রমে দেশের সকল কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী দিদারুল ইসলাম আকন্দ, সাদমান হোসেন, মাহমুদুল হোসেন, রায়হান হাবিব আকাশ, আরাফাত হোসেন প্রমুখ। এরপর শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এবং জেলা কালেক্টরেট ভবন অঙ্গনেও পৃথক অবস্থান কর্মসূচি পালন করে।




