ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল ৮ মে বুধবার শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় রাত পোহালেই ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২ উপজেলার ১৪১ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।

৭ মে মঙ্গলবার কেন্দ্রের নির্ধারিত প্রিজাইডিং অফিসাররা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে স্ব-স্ব উপজেলা পরিষদ থেকে নির্বাচনী কেন্দ্রে যান। প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সামগ্রী নিয়ে স্ব-স্ব ভোটকক্ষ প্রস্তুত করে আজ রাতে কেন্দ্রে অবস্থান করবেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে র্যাব, বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ান আনসার ও আনসার ভিডিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৫/১৬ জন করে পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এছাড়া নির্বাচনকে ঘিরে র্যাবের ৪টি টহল টিম, ৪ প্লাটুন বিজিবি, এক প্লাটুন ব্যাটালিয়ান আনসার ও পুলিশের ৯টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৯। ভোট কেন্দ্র রয়েছে ৮৬টি। এছাড়া ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন লড়ছেন। এ উপজেলায় ১ লাখ ৫২ হাজার ৩০ জন ভোটার রয়েছেন। ৫৫টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৩৬৫টি।




