শেরপুরের নকলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। ৭ মে মঙ্গলবার রাত নয়টার দিকে নকলা উপজেলার গড়েরগাঁও-পাইস্কা বাইপাস সড়কের লাভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রাজা মিয়া (৫৫), তার শ্বাশুড়ি জবেদা বেগম (৭৫) ও আবেদা বেগম (৫০)। এ ঘটনায় ইজিবাইক চালকসহ আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা সবাই ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক আত্মীয়ের জানাজা শেষে শেরপুরে ফিরছিলেন। পথিমধ্যে নকলা উপজেলার গড়েরগাঁও থেকে পাইস্কাগামী বাইপাস সড়কে ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে আবেদা বেগম নামের আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের স্বজনরা জানান, পাইস্কা বাইপাস সড়কের উপর একটি খড়ের গাদা থাকায় সেটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তার উপর ধান ও খড় শুকানোয় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির খান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসাথে পলাতক ট্রাককে শনাক্ত ও চালককে গ্রেফতারে অভিযান চলছে।




