শেরপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন বলেছেন, এই যে আজ আমরা শীতবস্ত্র দিচ্ছি, আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেদিন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও শীত বস্ত্র নেওয়ার কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখন আমরা আফ্রিকার কোন গরিব দেশে আমাদের এই সাহায্যগুলো পাঠিয়ে দিবো। কারণ বাংলাদেশে আর সাহায্য নেওয়ার লোক থাকবে না। তিনি ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরসভা পুরাতন ভবন প্রাঙ্গনে পৌর শহরের শীতার্ত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারস্বরূপ শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। যাতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়। তাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়ার ব্যক্তিগত ও প্রধানমন্ত্রীর দেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ তহবিলের সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, উপ-কমিটির সদস্য ও প্রজন্ম-৭১ এর সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গরিব মুছা, শেরপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মো. কামাল, জহিরুল হক অপু, গোপাল সরকার ও টাঙ্গাইলের দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এমএ কাদের।
এদিন প্রায় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।









