শেরপুরের শ্রীবরদীতে আগুনে বসতবাড়ি ও গোয়াল ঘর, দু’টি গরু ও ৮টি ছাগল পুড়ে ছাই হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার ভোরে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নে ভাটিলংগর পাড়া দিলুব্যাপারী বাজার সংলগ্ন মৃত মকসেদ আলীর বাড়িতে ওই ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

জানা যায়, শনিবার রাতে মৃত মকসেদ আলীর স্ত্রী জমেলা বেগম, তার ছেলে জামান মিয়া ও ছেলের বৌ আল্পনা বেগম বাড়িতে ঘুমিয়ে ছিলো। রাতে গোয়াল ঘরের দরজায় তালা দেয়া ছিলো। ভোরে আগুন দেখে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। এর মধ্যে গোয়াল ঘর, গরু ও ছাগল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. জামান মিয়া বলেন, আমার শেষ সম্বল বাড়ি সহ গরু-ছাগল পুড়ে ছাই হয়েছে। এখন আমাদের চলার মতো আর কিছু থাকলো না। বউ বাচ্চা ও বৃদ্ধ মা কে নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ ব্যাপারে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। তাদের সহায় সম্বল সব শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুদানের ব্যবস্থা করা হবে। তবে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।




