শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের দীর্ঘ কর্মঘন্টার ক্লান্তি দূর করে কর্মোদ্দীপনা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে আনন্দ আয়োজনের অংশ হিসেবে জাঁকজমকপূর্ণভাবে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার রাতে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ’এসো মিলি প্রাণের বন্ধনে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ছালামত উল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএসসহ জেলা পুলিশ এবং জেলা প্রশাসন ও বিচার বিভাগের বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তাগণ এবং শেরপুর জেলায় পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
‘এসো মিলি প্রাণের বন্ধনে’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের ঝর্ণাধারা বইয়ে দেন দেশের স্বনামধন্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফাহমিদা নবীসহ আঞ্চলিক শিল্পীগোষ্ঠীর বরেণ্য শিল্পীগণ। পাশাপাশি স্থানীয় নৃত্য শিল্পীরা দলগতভাবে চমৎকার নৃত্য পরিবেশ করেন।

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে চব্বিশ ঘণ্টা ব্যস্ত সময় কাটাতে হয় পুলিশ সদস্যদেরকে। পরিবারের সদস্যদের নিয়ে একত্রে আনন্দ উপভোগ করার সুযোগ তেমন পাওয়া যায় না। এমন একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ায় জন্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত পুলিশ সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে শেষে পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের উদ্যোগে প্রীতিভোজে অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পুলিশ সুপার। এর আগে জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জননিরাপত্তা নিশ্চিতের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দেশমাতৃকার প্রতি অটুট দায়িত্ববোধের কারণে বিভিন্ন উৎসবেও প্রিয়জনদের পাশে থাকতে পারে না পুলিশ সদস্যরা। আর তাঁদের এই দীর্ঘ কর্মঘন্টার ক্লান্তি দূর করে কর্মোদ্দীপনা আনয়নের উদ্দেশ্যে ইতোপূর্বে জেলার সকল থানা পুলিশের উদ্যোগে আলাদা আলাদা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পুলিশ লাইন্সে ‘এসো মিলি প্রাণের বন্ধনে’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে জেলা পুলিশের বড় পরিসরে আনন্দ আয়োজন পরিসমাপ্তি হলো।









