শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আত্মরক্ষার্থে ধর্ষণ চেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে থানায় এসে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী (৩৫)। ২৭ জানুয়ারি শনিবার রাতে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় ওই ঘটনা ঘটে। এতে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রাতেই নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই আসামির নাম নুরুল আমীন (৫০)। তিনি উপজেলার চেল্লাখালী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

এদিকে দা দিয়ে কোপানোর অভিযোগে ভুক্তভোগী ওই নারীও হয়েছেন আরেক মামলার আসামি। রবিবার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তার বাবাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী ওই নারীর সাথে কথা বলে জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় রিক্সা চালান ভুক্তভোগী ওই নারীর স্বামী। এতে ৩ সন্তান নিয়ে বাড়িতেই থাকতেন তিনি। এই সুযোগে উপজেলার চেল্লাখালী গ্রামের নুরুল আমীন কয়েকদিন যাবত কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিলো ওই নারীকে। পরে শনিবার রাতে ওই নারী তার দুই সন্তানকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়ান ও কোলের আরেক সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। ওইসময় কৌশলে নুরুল আমীন ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ভূক্তভোগী ওই নারী দা নিয়ে কোপ দেন নুরুল আমীনের শরীরে। এতে আহত অবস্থায় নুরুল আমীন পালিয়ে যায়।

পরে রাতেই ওই নারী বাদী হয়ে নুরুল আমীনকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমীনকে আটক করে।
অপরদিকে রবিবার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তার বাবাকে দা দিয়ে কুপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, শনিবার রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি শেরপুর সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে। অপরদিকে ওই নারীর বিরুদ্ধে মামলা করায় ওই নারীকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।









