ads

বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগ কার্যালয়ে স্বতন্ত্র সমর্থকদের হামলা, নৌকায় আগুন, মোটরসাইকেল ভাংচুর, আহত ১১

খবর টি পড়েছেন : ৯২২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ভোটের হাওয়া উত্তাপ হওয়ার পাশাপাশি ক্রমেই ছড়িয়ে পড়ছে সহিংসতা। এরই মধ্যে এক ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সশস্ত্র হামলা ও বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ওই ঘটনা ঘটে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক এমপি ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে নৌকার সমর্থক শেরপুর পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান, লছমনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন সজীব ও ছাত্রলীগ নেতা রেজুয়ান আহমেদসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে একইরাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা এলাকায় একটি কেন্দ্রের সামনে উঠানো নৌকা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার লছমনপুর এলাকায় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ সিনিয়র নেতাদের উপস্থিতিতে নৌকা প্রতীকের একটি পথসভা চলাকালে ট্রাক প্রতীকের সমর্থক স্থানীয় কয়েকজন যুবক ওই সভার সামনে দিয়ে বার বার মোটরসাইকেলযোগে বিকট সাউন্ড দিয়ে বিরক্তি সৃষ্টি করে। এ নিয়ে এক নৌকা সমর্থকের সাথে ওই যুবকদের বাদানুবাদের ঘটনা ঘটে। পথসভা শেষে দলীয় নেতারা চলে গেলে ওই ঘটনার সূত্র ধরে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লছমনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ও সাবেক চেয়ারম্যান সেলিম মিয়ার নেতৃত্বে দুই-তিনশ লোক মিছিল নিয়ে কুসুমহাটি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। ওইসময় তারা ওই কার্যালয়ের দেয়ালে পাথরে বাধানো বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও কার্যালয়ের সামনে ওঠানো নৌকা ভাংচুর করে ও আগুন দেয়। প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগ নেতা হাসান, সজীব ও রেজুয়ানসহ নৌকার ১১ সমর্থক আহত হয়।
ওই হামলার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সম্মুখে জড়ো হয় এবং এক পর্যায়ে তারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া করে। এতে প্রায় আধা ঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে ওই খবর শহরে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শহরের রঘুনাথবাজার এলাকায় ট্রাক প্রতীকের এক সমর্থকের মোটরসাইকেল ভাঙচুর করে নৌকার সমর্থকরা। অন্যদিকে শহরের শেরীব্রিজ এলাকায় নৌকা প্রতীকের এক সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতির বিষয়ে একে অপরকে দোষারোপ করে উভয় পক্ষ প্রতিবাদ মিছিল করে।
আওয়ামী লীগ অফিসে হামলা, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও নৌকায় আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক বলেন, বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা বানচাল ও নেতাকর্মীরা যেনো সেখানে যেতে না পারে, সেজন্য স্বতন্ত্র প্রার্থীর প্রত্যক্ষ মদদে তার সমর্থকরা এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটাচ্ছে। এছাড়া তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বিভিন্ন কেন্দ্রে নৌকা পুড়ানোসহ সন্ত্রাসী কার্যক্রম ও কর্মী সমর্থকদের নিয়মিত হুমকি দিয়ে আসছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল সভায় মায়াকান্না করতেই হুইপ আতিক এমন প্রপাগান্ডা করছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে আরও ২ প্রার্থীকে নিয়ে হাত তুলে নৌকায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads